
শ্যামল বর্মন শিমুল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের আদালত পাড়া এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ দুপুরে আদালত পাড়ার পুকুরের পশ্চিম পাশে অবস্থিত জালালের বাড়িতে এই হামলা চালানো হয়। হামলায় বাড়িঘর ব্যাপক ভাঙচুর করা হয়েছে এবং নারীসহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হঠাৎ জালালের বাড়িতে চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। আসবাবপত্র, জানালা ও ঘরের ভেতরের মূল্যবান মালামাল ভাঙচুর করে পুরো বাড়ি লণ্ডভণ্ড করে দেয় তারা।এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে বাড়ির ৩ জন সদস্য গুরুতর আহত হন। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।