
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ নম্বর মানিকছড়ি ইউনিয়নের মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সিন্দুকছড়ি জোনের আয়োজনে ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নাজীব (এএমসি)-এর নেতৃত্বে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মোট ১৩০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে ৭০ জন পাহাড়ি এবং ৬০ জন বাঙালি ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকাটি পাহাড়ি অধ্যুষিত হওয়ায় ক্যাম্পে পাহাড়ি জনগোষ্ঠীর রোগীর সংখ্যা তুলনামূলক বেশি ছিল।
এদিকে মেডিক্যাল ক্যাম্পের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় দুটি হুইলচেয়ার ও তিন বান টিন বিতরণ করা হয়। সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী এবং খাগড়াছড়ির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
হুইলচেয়ার পেয়েছেন চেংগুছড়া গ্রামের হাবিল মিয়া এবং তিন টহরী গ্রামের মালতি মারমা।
এছাড়া তিন বান টিনের মধ্যে মনাঠন পাড়ার কুমার চাকমা, কন্জুরি পাড়ার ক্রাংনিয় মারমা এবং দশবিল গ্রামের আবুল খায়েরকে একটি করে বান টিন দেওয়া হয়।
সহায়তা সামগ্রী পেয়ে সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, দুর্গম ও পাহাড়ি এলাকার সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্প ও সহায়তা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।